শিক্ষা দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গে আন্দোলনে নামছে ছাত্র সংগঠন

স্কুলে অতিরিক্ত ফি আদায় ও ছাত্র আন্দোলনে পুলিশের বাধা ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)।  বুধবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলনে নেমেছে।

সংগঠনের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফি বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থা ও দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন AIDSO নেতৃত্ব।

তাদের দাবি, অবিলম্বে বেআইনি ফি বৃদ্ধি প্রত্যাহার করতে হবে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে হবে। এসব দাবিতে আগামী ৯ জানুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠন।