দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। এবার যেমন ‘গুন্ডা দমনে’ কড়া আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘুষ নিয়ে কিংবা গুন্ডামি করে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে এই বিল তৈরি করা হয়েছে। সেখানে ন্যায় সংহিতা অনুসারে আইনের সব ধারা প্রয়োগ করা যাবে। বিলে ‘গুন্ডা’ শব্দটিও যোগ করা হয়েছে। জানা গিয়েছে, পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস বিলের উদ্দেশ্য হল সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা বজায় রাখা।
একইসঙ্গে অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা ও প্রতিরোধ করা। এছাড়া সরকারের তরফে যাদের ‘অসামাজিক’ কিংবা ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করা হবে, তাঁদের এলাকা ছাড়ার নির্দেশ, প্রতিরোধমূলক আটক, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার ক্ষমতা ইত্যাদিও রয়েছে। জানা গিয়েছে, এই নতুন আইনের অধীন সর্বাধিক ১২ মাস পর্যন্ত আটকে রাখা যেতে পারে। পুরনো আটকের পর ফের নতুন করে আটক করা যেতে পারে। যে কোনও সময় সরকার আটক বাতিল অথবা সংশোধন করতে পারে।
