রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মজুরি কাঠামো রাজ্যজুড়ে দুটি জোন—‘এ’ এবং ‘বি’—ভিত্তিকভাবে কার্যকর হবে। জোন ‘এ’-র আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে, জোন ‘বি’-তে রাজ্যের বাকি অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, জোন ‘এ’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক ৪০৬ টাকার সমান। জোন ‘বি’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা। অর্ধদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে জোন ‘এ’-তে মাসিক বেতন ১১,৬১৫ টাকা এবং জোন ‘বি’-তে ১০,৭৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
দক্ষ শ্রমিকদের জন্য জোন ‘এ’-তে ন্যূনতম মজুরি ১২,৭৭৭ টাকা এবং জোন ‘বি’-তে ১১,৮০৭ টাকা ধার্য করা হয়েছে। অত্যন্ত দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে জোন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ১৪,০৫৪ টাকা এবং জোন ‘বি’-তে ১২,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুরিয়ার পরিষেবা, হোটেল-রেস্তরাঁ, তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্পসহ মোট ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, দৈনিক ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টা কাজের সীমা বজায় রেখেই এই মজুরি কাঠামো কার্যকর করা হবে।
