পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিশেষ শিবির

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে আয়োজিত হল প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির। শনিবার অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে, শিবিরে আসা আবেদনকারীদের প্রথমে চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানেই দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয়, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অযথা হয়রানির শিকার হতে না হয় ও সহজেই সরকারি সুযোগ- সুবিধা পেতে পারেন। পুরনিগমের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন বহু মানুষ।

এদিন মেয়র গৌতম দেব জানান, প্রতিবন্ধীদের সুবিধার জন্য পুরনিগম নিয়মিত এই ধরনের শিবিরের আয়োজন করে চলেছে। অনেক মানুষের পরিস্থিতি দেখলে মন খারাপ হয়ে যায় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের কাছে যথাযথ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পুরনিগম ও প্রয়োজনীয় সহায়তাও করা হচ্ছে।

এই শিবিরের মাধ্যমে বহু প্রতিবন্ধী ব্যক্তি সরাসরি শংসাপত্র পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।