গভীর রাতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে টিকিয়া পাড়ার হঠাৎ কলোনী এলাকায় জনা ছয়েক দুষ্কৃতী অপরাধ মূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।

তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে জনা তিনেক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও চার জনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম সোনা বাবু সাহানি, রাহুল শাহ, মোহাম্মদ ছোট্টু, বিট্টু দেবনাথ।ধৃতদের মধ্যে সোনা বাবু শাহানী দুর্গা নগর কলোনী এলাকার বাসিন্দা। রাহুল শাহ মহানন্দা ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা। মোহাম্মদ ছোট্টু ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিট্টু দেবনাথ সাহুডাঙ্গীর পাঘালুলু পাড়া এলাকার বাসিন্দা।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। ধৃত চার দুষ্কৃতিকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ।