পহেলগাম হামলার নামে প্রতারণা, ভুয়ো ফোনে ৩৭ লক্ষ টাকা খোয়ালেন শিলিগুড়ির বৃদ্ধ

শিলিগুড়ির এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পহেলগামের জঙ্গি হামলায় যুক্ত থাকার মিথ্যা ভয় দেখিয়ে সাইবার অপরাধীরা তার কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পূর্ব বিবেকানন্দপল্লীর বাসিন্দা মনোজমোহন সেনশর্মা (অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় জল কমিশন আধিকারিক) বৃদ্ধ বয়সে জেলে যাওয়ার ভয়ে তার সমস্ত সঞ্চয় খুইয়েছেন।

গত ৪ঠা আগস্ট, মনোজের মোবাইলে সুমিত মিশ্র নামে এক ব্যক্তি নিজেকে পহেলগাম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে ফোন করেন। তিনি জানান, মনোজ নাকি পাকিস্তানের কাছে তথ্য পাচার করেছেন এবং মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর প্রেম কুমার ও দেবাশিস ঘোষ নামে আরও দুই প্রতারক ভিডিও কলের মাধ্যমে পুলিশ ও সেনার পোশাক পরে তাকে ক্রমাগত ভয় দেখাতে থাকে।

প্রতারকদের কথায় বিশ্বাস করে এবং পরিবারের গ্রেপ্তারের ভয়ে মনোজ গত ৬ই আগস্ট দুটি পৃথক ট্রান্সফারের মাধ্যমে প্রায় ৩৭ লক্ষ ৪৪ হাজার টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যদিও ব্যাংকের ম্যানেজার তাকে সতর্ক করেছিলেন, কিন্তু আতঙ্কে থাকা বৃদ্ধ সেই কথায় কান দেননি।

পরে সিঙ্গাপুরে থাকা তার ছেলে ব্যাংকের মেসেজ পেয়ে বাবাকে ফোন করলে পুরো বিষয়টি সামনে আসে। এরপর মনোজের ভাই ধ্রুবময় সেনশর্মা তাকে নিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং টাকা সম্ভবত অন্ধ্রপ্রদেশের একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।