ছটপুজো আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ছটপুজো কমিটি। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই প্রতি বছরের মতো এবারও শিলিগুড়ির সরোজিনী পল্লি তুলসী ঘাট ছটপুজো কমিটির উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ বৈঠক।
বৈঠকে আসন্ন ছটপুজোর যাবতীয় প্রস্তুতি, ঘাটের পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কীভাবে নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন করা যায়, তা নিয়েও কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়।
বৈঠক শেষে ছটপুজো কমিটির সভাপতি জিতেন পল, সন্তোষ শাহ-সহ কমিটির অন্যান্য সদস্যরা সরোজিনী পল্লি তুলসী ঘাট পরিদর্শনে যান। সেখানে ঘাটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ছটব্রতীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলি পর্যালোচনা করেন তাঁরা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ছটপুজোকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যাতে পুণ্যার্থীরা কোনওরকম অসুবিধা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ছটপুজোর আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই লক্ষ্যেই এগোচ্ছে কমিটি।
