সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গের ৮ জেলা জুড়ে অনশন কর্মসূচি শুরু করল উত্তরবঙ্গ বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
“স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা” এক নজর সাফাই কর্মীদের পরিবারের প্রতি, সাফাই কর্মীদের অর্থনৈতিক উন্নয়নই সামাজিক পরিবর্তনের পথ।“ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি সংলগ্ন তিনবাতি মোড়ে অনশনে বসেন সংগঠনের সদস্যরা।
অভিযোগ, সরকারি দপ্তর থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও সমাধান না হওয়ায় শেষ পথ হিসেবে হাঙ্গার স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
অনশন মঞ্চে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা এই ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত। সকাল থেকেই পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিনবাতি মোড় এলাকা।
সংগঠনের কোর কমিটির সম্পাদক গৌতম বাসফর বলেন,“বছরের পর বছর সমাজের পরিচ্ছন্নতা রক্ষার কাজ করেও চাকরি, বেতন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বঞ্চিত। মুখ্যমন্ত্রী সহ একাধিক দপ্তরে আবেদন জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। তাই বাধ্য হয়েই অনশনে বলে জানান।
তিনি আরও জানান, ২২ দফা দাবি দ্রুত পূরণ না হলে আন্দোলন আরও বৃহত্তর ও কঠোর হবে।
সংগঠনের দাবির মধ্যে রয়েছে চাকরির স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন, সকল সাফাই কর্মীর জন্য স্বাস্থ্যবীমা ও সামাজিক সুরক্ষা, কর্মীদের পরিবারে শিক্ষার বিশেষ সুযোগ ও বাসস্থান সহ মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করা।
আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বিভিন্ন দপ্তরে দরজায় দরজায় ঘুরেও লিখিত নিশ্চয়তা মেলেনি। তাই আর অপেক্ষা নয় রাস্তায় নেমেই দাবি আদায়ের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
