শহীদ পাপাই সাহাকে স্মরণ: মৃত্যু দিবস পালন করল প্রদেশ যুব কংগ্রেস

আজ, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ পাপাই সাহার ১৪তম মৃত্যু দিবস পালিত হয়েছে। ২০১১ সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কংগ্রেস সমর্থক পাপাই সাহা। তার স্মরণে আজ যুব কংগ্রেসের কার্যালয়ে পাপাই সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ২০১১ সালের এই দিনে কংগ্রেসের একটি মৌন মিছিল চলাকালীন পুলিশের সাথে সমর্থকদের ধস্তাধস্তি হয়। সেই সময়ে পুলিশ কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালালে পাপাই সাহা নিহত হন।

আশীষ কুমার সাহা আক্ষেপ করে বলেন, পাপাই সাহার মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো ন্যায়বিচার পায়নি। তিনি এই স্মরণ সভা থেকে অবিলম্বে পাপাই সাহার মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।