ব্রিগেডের মঞ্চে ১৮,৮৬০ কোটি টাকা প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা শুরু হওয়ার আগেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে মোট প্রায় ১৮ হাজার ৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর কপ্টার কলকাতা রেসকোর্সের হেলিপ্যাডে অবতরণ করে।

সেখান থেকে তিনি সড়কপথে ব্রিগেডের সভাস্থলে পৌঁছন। মোদীর আগমনের আগেই ময়দানে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। উপস্থিত জনতার মধ্যে মোদীর নামে স্লোগানও শোনা যায়। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।

ব্রিগেডের মঞ্চ থেকেই ১৮,৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক, রেল ও বন্দর পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত একাধিক কাজ। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিশেষ করে খড়গপুর থেকে মৌরিগ্রাম এক্সপ্রেসওয়ে তৈরি হলে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে ও অর্থনৈতিক উন্নয়নেও তার ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়াও দুবরাজপুর বাইপাস নির্মাণ সহ কংসাবতী ও শিলাবতী নদীর উপর নতুন সেতু তৈরির কাজের সূচনা হয়েছে। এর ফলে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে ও বহু মানুষের দৈনন্দিন যাতায়াতে সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে। সরকারি প্রকল্প উদ্বোধনের পর্ব শেষ করে এরপরই ব্রিগেডের জনসভা থেকে রাজনৈতিক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।