প্রয়াত প্রশান্ত তামাংয়,কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়লেন পরিবারের সদস্যরা

প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত বাংলার গায়ক প্রশান্ত তামাং। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে পাহাড়ের গায়ক প্রশান্ত তামাংয়ের। জানা গেছে, শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন প্রশান্ত। দ্বারকার এক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত তামাং।

আজ বাগডোগরা বিমানবন্দরে কফিনবন্দী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। এদিন প্রশান্ত তামাংকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা।

গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রশান্ত তামাং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে পাহাড়। হিন্দির মত নেপালী ভাষায় একাধিক গান গেয়েছেন প্রশান্ত।একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।রাজু বিস্ত‌ জানান, প্রশান্ত তামাং এর মৃত্যু দেশ, রাজ্য তথা পাহাড়ের জন্য বিশাল ক্ষতি। তার গানের জেরেই একসময় একজোট হয়েছিল গোর্খা জাতি।