মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

একুশে জুলাইয়ের প্রচার ঘিরে উত্তেজনা চরমে মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটে গভীর রাতে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি ব্যাংকের পাশে। সকালবেলা স্থানীয়রা দেখতে পান যে ব্যানার ছেঁড়া অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ব্যানারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তার নিচে ছিল আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম। ব্যানারটি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২১শে জুলাই কলকাতায় শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রচারের জন্য লাগানো হয়েছিল।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিরোধীদের দায়ী করা হয়েছে। অভিযোগ, পরিকল্পনা করেই এই ব্যানার ছেঁড়া হয়েছে। যদিও বিরোধী শিবির থেকে পাল্টা দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।