চুরি যাওয়া ৩৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চুরি ও হারিয়ে যাওয়া মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার প্রয়োজনীয় নথি ও পরিচয় যাচাইয়ের পর ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল হারানো ও চুরির অভিযোগ জমা পড়েছিল মাটিগাড়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ৩৬টি মোবাইল উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি অনির্বাণ মজুমদার, মাটিগাড়া থানার আইসি মনজিৎ সরকার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা।