কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধে কড়া নজরদারি, ব্যবসায়ীদের সহযোগিতা চাইল পুলিশ

বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার শিলিগুড়ি গেস্ট হাউসে শহরের খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) রানা মুখার্জি, এসিপি রবিন থাপা, এসিপি ফারুক মোহাম্মাদ চৌধুরী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাকসবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যাতে না ঘটে এবং সাধারণ মানুষ যাতে সঠিক ও নিয়ন্ত্রিত দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, সেই বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, বাজারের দামের উপর কঠোর নজরদারি এবং এই বিষয়ে ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। টাউন স্টেশন ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট কার্তিক বয়াল-সহ একাধিক বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি বৈঠকে অংশ নেন। সাধারণ মানুষের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃত্রিম মূল্যবৃদ্ধি রোধ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।