শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে শহরে।
পরিবার সূত্রে জানা যায়, স্কুলের সামনে কয়েকদিন ধরে ঘোরাফেরা করা এক সন্দেহভাজন মহিলা তিন ছাত্রীকে টাকার ও খাবারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। পরে শিলিগুড়ি আরো এক ছাত্রীকেও একই কৌশলে দলে টেনে নেওয়া হয়। অভিযোগ, চারজনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করে।
দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, “শিলিগুড়িতে মানব পাচারের ঘটনা উদ্বেগ জনক ভাবে বাড়ছে। তাই আমরা বিভিন্ন সচেতনতা ক্যাম্প, প্রচার ও সতর্কবার্তা আরও জোরদার করবো।”
ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ও সন্দেহ ভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
