শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাগডোগরা এলাকায় নির্বাচনের আগে কড়া নজরদারির মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। আপার বাগডোগরা পানিঘাটা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এসএসটি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে দুই যুবক গ্রেপ্তার।
পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় দুটি কালো ব্যাগ, যার ভিতরে প্রায় এক কেজি করে মোট দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক তন্ময় বর্মন ও বিশ্বজিৎ বর্মন পানিটাঙ্কি এলাকার বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরো খবর, প্রাথমিক তদন্তে পুলিশ উঠে আসে তারা পানিটাঙ্কি থেকে শিলিগুড়ি পর্যন্ত ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা করছিল। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা ওএকটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
