মালদায় ইভটিজিং অভিযুক্তকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ, সালিশি সভার উপর ক্ষোভ

ইভটিজিং-এর প্রতিবাদে এক সালিশি সভায় অভিযুক্তকে মারধর করার পর তাকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার শিকার হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরে। পুলিশি হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সোমবার হরিশ্চন্দ্রপুরের এক তরুণী মাঠে গরু বাঁধতে গেলে এক যুবক তাকে উত্যক্ত করে। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নেওয়ার আগেই স্থানীয়রা অভিযুক্তকে নিয়ে সালিশি সভা বসিয়ে মারধর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীদের একাংশ পুলিশের ওপর বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়। এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই অফিসারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হকের বিরুদ্ধে সালিশি সভা বসানোর অভিযোগ উঠেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি বলেছেন, পুলিশ প্রকৃত দোষীদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেবে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।