মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তায় পথে পুলিশ- শিক্ষার্থীরা

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এবার একসঙ্গে পথে নামল পুলিশ, শিক্ষক ও পড়ুয়ারা। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার উদ্যোগে আমবাড়ি বাজার এলাকায় আয়োজিত হয় এক বৃহৎ সচেতনতামূলক পদযাত্রা।

এই কর্মসূচিতে অংশ নেন আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ ভোরের আলো থানার পুলিশকর্মীরা। হাতে মাদকবিরোধী বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে ও সচেতনতামূলক স্লোগান দিতে দিতে তারা আমবাড়ি বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিশেষ করে যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয় বলেও জানানো হয়।

এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত হলে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে।