মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পাপিয়া পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এসওজি দল, ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, মদ সহ প্রায় বারো হাজার টাকা নগদ উদ্ধার করে।

অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় মা ও মেয়েকে। ধৃতদের নাম অঞ্জু দাস ও তাঁর মেয়ে শুক্লা দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলে, তারপর থেকেই মা ও মেয়ে যৌথভাবে এই মাদক কারবার চালিয়ে আসছিল।

বুধবার পুলিশের দল ধৃতদের বাড়িতে অভিযোগ চালায়। তল্লাশির সময় ঘরের আলমারি থেকে মাদকদ্রব্য, মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরই দু’জনকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।