বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পার্নোর

বিজেপি ছেড়ে এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।

পতাকা হাতে নিয়েই পার্নো মিত্র বলেন, “আজ আমার কাছে বড়দিন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো মিত্র। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, পার্নো মিত্রের যোগদানে দল আরও শক্তিশালী হবে সাথে তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আগামী দিনে সংগঠনকে বাড়তি সুবিধা দেবে।