আগামী সপ্তাহেই হাজিরা দেবার নির্দেশ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি।

ভোটপর্ব শেষ হতেই এই ডাকে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ইডি জানিয়েছে, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজির হতে হবে রথীন ঘোষকে। এর আগেও নির্বাচনের আগে একাধিকবার তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু মধ্যমগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

পরবর্তীতে রথীন ঘোষ নিজেই ইডির কাছে আবেদন করেন, যাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে ডাকা হয়। সেই অনুরোধের প্রেক্ষিতেই এবার নতুন করে নোটিস পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে এই মামলায় রথীন ঘোষকে জেরা করে ইডি।