ন্যায্য দাবির পথে বাধা! স্বাস্থ্য ভবনের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আশাকর্মীদের প্রতিবাদ মিছিল

নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে গিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনে পুলিশের বাধা ও হেনস্তার অভিযোগে উত্তাল হয়ে উঠল রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি শহরে পথে নামলেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে কোর্ট মোড় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ন্যূনতম সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও প্রশাসনের তরফে বারবার অবহেলা করা হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে কলকাতায় গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে পুলিশি হস্তক্ষেপ ও হেনস্তার মুখে পড়তে হয় তাঁদের।

এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শিলিগুড়ির রাস্তায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশাকর্মীরা। তাঁরা জানান, পুলিশের এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার শামিল।

 তাঁদের দীর্ঘদিনের বকেয়া ভাতা প্রদান, কাজের স্থায়িত্ব ও মর্যাদা নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।