বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচের পরিবর্তে সংযুক্ত হল অত্যাধুনিক LHB কোচ। ভোরবেলায় রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রা সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়-সহ রেলের একাধিক আধিকারিক।
এদিন সুকান্ত মজুমদার জানান, LHB কোচ আগের তুলনায় হালকা ও অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা যেমন বাড়বে, তেমনই ট্রেনের গতিও বৃদ্ধি পাবে। নতুন কোচ সংযুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে দ্রুত লিফট পরিষেবাও চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। নতুন এই উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগ আরও উন্নত হবে বলে আশাবাদী যাত্রীরা।
