উত্তরপূর্ব ভারতের নিজস্ব ইলেকট্রিক ভেহিকেল (ইভি) চার্জ পয়েন্ট অপারেটর (সিপিও) ‘এ প্লাস চার্জ’ এই অঞ্চলে দ্রুত গতির নতুন ইভি চার্জার চালু করার কথা ঘোষণা করেছে। প্রতিষ্ঠাতা সম্যক জৈনের নেতৃত্বে গুয়াহাটিতে গড়ে ওঠা এই স্টার্টআপটি গত কয়েক মাসে উত্তরপ্রান্ত জুড়ে ১০টি নতুন চার্জিং স্টেশন চালু করেছে এবং আরও ২৮টি স্টেশন তৈরির পথে রয়েছে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলং এবং আগরতলা পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক খুব শীঘ্রই আইজল ও ইটানগরেও পরিসর বাড়াতে চলেছে।
‘ইভি’র ব্যবহার সহজ করতে কোম্পানিটি ‘NEEV’ নামের একটি হাইওয়ে চার্জিং কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে গুয়াহাটি থেকে জোরহাট এবং শিলং থেকে চেরাপুঞ্জি পর্যন্ত যাতায়াত ইভি চালকদের জন্য অনেক সুবিধাজনক হয়েছে। বিশেষ করে কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার সহ হাইওয়ের বিভিন্ন ধাবা, রেস্তোরাঁ ও রিসর্টে এই চার্জিং স্টেশনগুলি স্থাপন করা হয়েছে। আসাম, মেঘালয় ও ত্রিপুরার সরকারি অনুমোদিত এই সিপিও ত্রিপুরার প্রথম সরকারি ডিসি চার্জারটিও পরিচালনা করছে।
স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থান বৃদ্ধিতে এই কোম্পানি একটি অনন্য ‘স্থানীয় মালিকানা মডেল’ চালু করেছে। এর অধীনে স্থানীয় মালিকরা চার্জিং স্টেশনগুলির মালিক হলেও, তার অপারেশন বা পরিচালনা সামলায় ‘এ প্লাস চার্জ’। পাশাপাশি, ভারত সরকারের ‘পিএম ই-ড্রাইভ’ প্রকল্পের মাধ্যমে চার্জার ক্যাপিটালের ওপর ৮০ শতাংশ ভর্তুকিও পাওয়া যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে উত্তরপূর্ব ভারতে ১,০০০টি পাবলিক ডিসি চার্জার স্থাপন এবং এই অঞ্চলে ৫০ শতাংশ ইভি প্রসারের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে সম্যক জৈনের এই সংস্থা।
উত্তর-পূর্বের ইভি পরিকাঠামো উন্নয়নে নতুন ইভি চার্জার লঞ্চ
