মাছের স্বাদে ফিউশন টুইস্ট! সন্ধ্যার জলখাবারে বানিয়ে নিন ৩ লোভনীয় পদ

বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক চিরকালীন। তবে রোজকার ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের বদলে সন্ধ্যার আড্ডায় স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন মাছের তিন রকম অভিনব পদ। দেশি মশলা ও পরিচিত উপকরণেই তৈরি হবে রেস্তোরাঁর স্বাদের এই ফিউশন স্ন্যাক্স।

কাসুন্দি ক্রাস্টেড বেকড ভেটকি

ভেটকি মাছের ফিলেতে কাসুন্দি, সর্ষেবাটা, টক দই, কাঁচালঙ্কা বাটা, সর্ষের তেল ও নুন মাখিয়ে ১০ মিনিট রাখুন। এ বার গুঁড়ো টোস্ট বিস্কুট, পাউরুটির গুঁড়ো ও সামান্য মাখন মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে নিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করলেই তৈরি মুচমুচে কাসুন্দি ক্রাস্টেড ভেটকি।

ধনেপাতা-কাঁচালঙ্কার ফিশ বাইট

ভেটকি বা বাসা মাছ কাঁটামুক্ত করে ছোট টুকরো করে নিন। ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন ও সামান্য মৌরি বেটে মাছের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করুন। ছোট বল বা কিউবের আকার দিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখিয়ে নিন। এ বার গরম তেলে সোনালি করে ভেজে পরিবেশন করুন মুচমুচে ফিশ বাইট।

ফিশ কোলিওয়াড়া

ভেটকি, বাসা বা রুই মাছের কাঁটা ছাড়ানো টুকরোয় লেবুর রস, আদা-রসুনবাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও নুন মাখিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এর পর বেসন, চালের গুঁড়ো, জোয়ান, গরমমশলা, টক দই ও সামান্য সর্ষের তেল দিয়ে ঘন মশলার প্রলেপ তৈরি করুন। গরম তেলে উল্টেপাল্টে সোনালি করে ভেজে নিন। উপরে ছড়িয়ে দিন চাট মশলা ও পেঁয়াজ কুচি। সঙ্গে রাখুন পুদিনার চাটনি।