মালদায় তৃণমূলের প্রাক্তন সদস্য খুন: পরকীয়ার প্রতিবাদে স্বামীকে গ্রেপ্তার

বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রতিবাদ করায় মালদার চাঁচলে বিলকিস বিবি (৩৮) নামে এক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে তার স্বামী মোস্তাফিজুর রহমান ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাড়ালু গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা মহম্মদ সাহাবুদ্দিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে। মৃতার মা নাজিমা বিবির দাবি, জামাই মোস্তাফিজুর রহমান আড়াই মাস আগে এক পিসতুতো শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিলকিস বিবি এর প্রতিবাদ করলে তাকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়।

চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার হলেও, শ্বশুর, শাশুড়ি ও এক ননদ পলাতক।