দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে আবাস যোজনা, রেশন ব্যবস্থা থেকে জল প্রকল্প, বিভিন্ন জায়গায় অনিয়ম, কাটমানি ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছে।
অভিযোগে জড়িত সরকারি কর্মী ও অফিসারদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, পঞ্চায়েত, খাদ্য এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কিছু আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম ঢোকানো, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা এবং কাটমানি নেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। যেসব সরকারি কর্মী যাচাই না করেই অনুমোদন দিয়েছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ‘জল জীবন মিশন’ প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার এবং কাগজে-কলমে কাজ দেখিয়ে সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠেছে।
