নয়া রুট চালু হতে চলেছে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘাকে ঘিরে বড় রেল-পরিকল্পনার ইঙ্গিত মিলল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প সম্পূর্ণ হলেই দিঘার সঙ্গে বন্দে ভারতের সংযোগ স্থাপনের পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে।

দীর্ঘদিন ধরে দিঘা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালুর দাবি উঠলেও এবার সেই সম্ভাবনা বাস্তব হতে চলেছে। দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রেলপথে দ্বিতীয় লাইন বসানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাঁর মতে, এই অংশে ডাবল লাইন না হলে ভবিষ্যতে দ্রুতগতির ট্রেন চালানো কঠিন হয়ে পড়বে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের সম্মতি পেয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,” রেলওয়ে বোর্ড অনুমোদন দিয়েছে। রেলমন্ত্রী এবং আমি জেলা শাসকের সঙ্গে দেখা করেছি এবং এই বিষয়ে একটি বৈঠকও করেছি। ডাবল রেল লাইনের জন্য জমি অধিগ্রহণ অবশ্যই প্রয়োজন।”