সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন ব্যক্তি, শো*কস্তব্ধ এলাকা

রাজগঞ্জ ব্লকের আমবাড়ি – সাহুডাঙ্গি রাজ্য সড়কের গকুলভিটা গ্রামে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নারায়ণ আচার্য (৬০)। বাড়ি ওই গকুলভিটা গ্রামেই।

স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়ির বিন্নাগুড়ি অঞ্চল মোড়ে নারায়ণ বাবুর একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি দোকান বন্ধ করে দুই চাকার গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাড়ির ঠিক সামনেই পৌঁছনোর মুহূর্তে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তার গাড়িতে। তীব্র আঘাতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন।

পরিবার ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য শুরু হয়েছে তদন্ত।