ভালোবাসাই ভয় ধরাবে! ‘অবসেশন’ নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া

ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে আসক্তিতে পরিণত হয়, তখন সম্পর্কের ভেতরে তৈরি হতে পারে ভয়ংকর টানাপোড়েন, এই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠেছে হলিউডের নতুন ছবি ‘অবসেশন’-এ। কম বাজেটে নির্মিত হলেও সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

কারি বার্কার পরিচালিত এই ছবির বাজেট ১০ লক্ষ ডলারেরও কম হলেও বক্স অফিসে ইতিমধ্যেই চমক দেখিয়েছে ‘অবসেশন’। ভারতেও ছবিটি নিয়ে দর্শকমহলে কৌতূহল তীব্র।

ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র বিয়ার। এক নিঃসঙ্গ, শান্ত স্বভাবের যুবক। একদিন সে রহস্যময় একটি জিনিস খুঁজে পায়, যার নাম ‘ওয়ান উইশ উইলো’। এই বস্তুটির মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব। বিয়ার তার সহকর্মী নিকির প্রতি একতরফা ভালোবাসা থেকে এমন এক ইচ্ছা করে বসে, নিকি যেন পৃথিবীতে শুধু তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এখান থেকেই শুরু হয় ভয়াবহ পরিণতি। ধীরে ধীরে নিকির ব্যক্তিত্বে আসে অদ্ভুত ও অস্থির পরিবর্তন, যা বিয়ারের জীবনকে বিপর্যস্ত করে তোলে।

প্রথাগত হরর ঘরানার মতো রক্তচক্ষু দানব বা অতিপ্রাকৃত প্রাণীর উপস্থিতি নেই এই ছবিতে। বরং মানুষের আবেগ, নিয়ন্ত্রণ ও মানসিক বিকৃতি এই বিষয়গুলোই এখানে ভয়ের মূল উৎস।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই প্রায় ৯.৩ কোটি টাকা আয় করেছে ‘অবসেশন’। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।