জামাইষষ্ঠীর ঠিক আগে হিমসাগর আম নিয়ে যেন হরির লুঠের ছবি ধরা পড়লো ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ এর সড়কে। মঙ্গলবার একটি হিমসাগর আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার উপর ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ আম। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ব্যাগ, ঝুড়ি ও বস্তা নিয়ে আম সংগ্রহে নেমে পড়েন। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই যতটা সম্ভব আম নিয়ে বাড়ি ফেরে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকে থাকা আমের বড় একটি অংশ নিয়ে চলে যান স্থানীয়রা। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক যানজট এবং চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
