রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য জেলাতেও আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
