আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষ্যে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেন রবীন্দ্রপ্রেমী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ, রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে।
কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি দেখা যায়। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থী ও অনুরাগীদের ভিড়। কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক প্রাঙ্গণ পরিণত হয় রবীন্দ্রস্মরণে।
