পড়ুয়াদের পাতে এবার ইসকনের খাবার, শুভ সূচনা আজ থেকেই

এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়বে ইসকনের খাবার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে মিড ডে মিল সরবরাহের পাইলট প্রকল্প শুরু হল আজ থেকেই। ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে যজ্ঞে অংশ নেওয়ার পর মেগা কিচেন পরিদর্শন করেন তিনি এবং প্রতীকীভাবে রান্নার কাজেও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ইসকনের মেগা কিচেন থেকে বিশেষ গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছাবে। খাবারের মান ও নিরাপত্তা বজায় রাখতে সিল করা কনটেনারে খাবার পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন মাসে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, মিড-ডে মিল কর্মীদের কাজ বন্ধ হবে না। তাঁদেরও খাবার রান্না ও সরবরাহের কাজে যুক্ত করা হবে। প্রথম দিনে প্রতীকীভাবে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়া অনুষ্ঠানে অংশ নেয়। তাঁদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন মুখ্যমন্ত্রীও।