বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন, রাষ্ট্রপতির আগমনে জারি ক*ড়া নিরাপত্তা

উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর আগমনকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গিয়েছে, শনিবার তিনি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি ময়দানে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স ২০২৬-এ যোগ দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ।

প্রশাসন সূত্রে খবর, রাষ্ট্রপতির উপস্থিতিতে আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ-বিদেশের সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।