কলকাতায় ভিআইপি ঢল, চাপে বিমানবন্দর প্রশাসন

রাজ্যে গেরুয়া শিবিরের সরকার গঠনের শপথ অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ও বিমান চলাচল ব্যবস্থা নিয়ে তৎপর প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং – সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দেশের ২৩ জন মুখ্যমন্ত্রীর আগমনে কার্যত ভিআইপি নগরীতে পরিণত হচ্ছে কলকাতা।

বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একাধিক ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টারের চাপ সামলাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এত সংখ্যক জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ভিআইপি-র একসঙ্গে আগমন আগে কখনও দেখেনি কলকাতা বিমানবন্দর বলেই দাবি কর্তাদের। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিমান পার্কিং ও সাধারণ যাত্রীবাহী বিমানের সময়সূচি স্বাভাবিক রাখা।

কারণ অধিকাংশ মুখ্যমন্ত্রীই ব্যক্তিগত ছোট বিমান নিয়ে আসছেন। পাশাপাশি শিল্পপতি ও বিশিষ্ট অতিথিদেরও প্রাইভেট জেট আসার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের বিমানের জন্য আলাদা পার্কিং বে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও একাধিক বে শুধুমাত্র ভিআইপি বিমানের জন্য খালি রাখা হচ্ছে। নিরাপত্তা ঘিরে ইতিমধ্যেই বিমানবন্দরে উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে।