নজির গড়তে চলেছে ভারতীয় রেল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রাজ্যের দীর্ঘতম রেল টানেল, যা ইন্দোর-বুধনি রেল প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

দেওয়াস জেলার কমলাপুরের কাছে এই সুরঙ্গ নির্মাণের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে নির্মিত এই প্রকল্প রাজ্যের পরিবহণ ও শিল্পক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল ৮.৬৪ কিলোমিটার দীর্ঘ টানেলটি। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সুরঙ্গের উপর দিয়ে একটি ন্যাশনাল হাইওয়ে চলবে, আর তার নিচ দিয়ে পাহাড়ের গভীরে দ্রুতগতিতে ছুটবে ট্রেন।

সাধারণত টানেলের ভিতরে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, কিন্তু উন্নত প্রযুক্তির প্রয়োগে এখানে ট্রেন ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলতে পারবে। সুরঙ্গ নির্মাণে ব্যবহৃত হচ্ছে বিশেষ পলিমার ও পলিথিন স্তর, যা একে জলরোধী ও দীর্ঘস্থায়ী করে তুলবে।