আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
মঙ্গলবার সকালে মন্দিরে প্রবেশ করার সময় কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা প্রদর্শন করেন তৃণমূল সমর্থকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী।
পরে মন্দিরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সর্বদা চেষ্টা করে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ও ভোটাররা নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
