মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান সময়ে সংসারের খরচ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে শিক্ষার ব্যয়ও। স্কুল-কলেজের ফি, বইপত্র, অন্যান্য প্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বহু পরিবারের।

এই পরিস্থিতিতে কৃতী পড়ুয়াদের সাহায্য করতে এসেছে সরকারি স্কলারশিপ ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী ছাত্র-ছাত্রী শুধুমাত্র অর্থাভাবের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

অর্থের অভাবে যাতে কোনও ছাত্র-ছাত্রীর পড়াশোনা মাঝপথে থেমে না যায়, সেদিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র। এই বৃত্তি প্রকল্প মূলত ওবিসি, ইবিসি এবং ডিএনটি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছে। নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন।‌ একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বছরে সর্বাধিক ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষাবিষয়ক খরচ ও হোস্টেল ভাড়ার জন্য বছরে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।