দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে ডিএ, পে কমিশন সংক্রান্ত জট খুলতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাথে সম্প্রতি নজিরবিহীন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে উপস্থিত ছিল সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ। সেই বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে এসেছে নয়া আপডেট। জানা গিয়েছে, বৈঠকে ডিএ ছাড়াও আশ্বাস দেওয়া হয়েছে সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন দ্রুত লাগু করার।
ক্ষমতায় এসে ইতিমধ্যেই নয়া পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। তবে তা কবে থেকে কার্যকর হবে সেকথা বলা হয়নি এতদিন। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সপ্তম বেতন কমিশন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে লাগু করবে বলেছে, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দেবে।’
