বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজ্যে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বর্ষার দেখা মেলেনি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়ারা ।
গরমের ছুটি কাটিয়ে তারা স্কুলে ফিরেছে। তীব্র দাবদাহে আবহাওয়ার কথা মাথায় রেখে এবার নতুন পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আপাতত আগামী দু’সপ্তাহ বিদ্যালয়গুলিকে সকালবেলার শিফটে পড়াশোনা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার থেকে গরমের ছুটির পর পুনরায় স্কুল খুলেছে। সেই দিনই শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো ক্লাসের সময় নির্ধারণ করতে পারবে। যেসব এলাকায় তাপপ্রবাহের প্রভাব বেশি, সেখানে সকালে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছে পৌঁছে গিয়েছে।
