আর্থিক সহযোগিতা কেন্দ্রের তরফ থেকে

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়তেই দেশের বিমান পরিবহন শিল্প গভীর সংকটে পড়েছে।

এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর লাগামছাড়া মূল্যবৃদ্ধি বিমানসংস্থাগুলির খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে পরিষেবার উপর। এই প্রেক্ষাপটে বিমানসংস্থাগুলিকে স্বস্তি দিতে ৫০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে, এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) ৫.০-এর আওতায় বিমানসংস্থাগুলিকে ঋণের মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক উড়ানপথে আকাশসীমা বন্ধ থাকা, রুট পরিবর্তন এবং উড়ানের সংখ্যা কমে যাওয়ার ফলে সংস্থাগুলির আয় কমেছে, অন্যদিকে ব্যয় বেড়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রকল্পের অধীনে একটি বিমানসংস্থাকে সর্বোচ্চ ১০০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।