সম্প্রতি ত্রিপুরার ধলাই জেলার আমবাসার লালছড়িতে ‘এইচ.পি. ঘোষ মেডিকেল কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এবং বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষের উপস্থিতিতে এইচ.পি. ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন এই উল্লেখযোগ্য প্রকল্পের সূচনা করে। এটি উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
একটি অ্যাস্পিরেশনাল জেলা হিসেবে ধলাইয়ে গড়ে ওঠা এই মেডিকেল কলেজটি আগামী শিক্ষাবর্ষ থেকেই ১০০ জন এমবিবিএস শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করবে। পরবর্তীতে এখানে পোস্ট-গ্র্যাজুয়েট মেডিকেল প্রোগ্রাম, নার্সিং এবং প্যারামেডিকেল সায়েন্সেস চালু হবে। এর ফলে গ্রামীণ ও উপজাতি জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশ্বমানের তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে এবং রোগীদের দূরদূরান্তে যাওয়ার বিড়ম্বনা কমবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা এই দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন যে, সমাজের প্রান্তিক মানুষগুলির কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে না দিলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। প্রয়াত শ্রী এইচ.পি. ঘোষের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই প্রতিষ্ঠানটি কেবল একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং এটি স্বাস্থ্যসেবা, গবেষণা ও সামাজিক রূপান্তরের একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে।
ত্রিপুরায় এইচ.পি. ঘোষ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
