ভারতের নির্বাচনী ব্যবস্থায় মুগ্ধ বিদেশি পর্যবেক্ষকরা

ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচি’ (IEVP) ২০২৬-এ অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভারতের ভোট ব্যবস্থাকে ‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ বলে অভিহিত করেছেন।

প্রথম দফার নির্বাচনের সময় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সফরে এসে ১৬টি দেশের ৩২ জন আন্তর্জাতিক প্রতিনিধি ভোটগ্রহণ প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, ভারতের নির্বাচন ব্যবস্থার বিশালতা, সুসংগঠিত পরিকল্পনা ও ভোটারদের বিপুল অংশগ্রহণ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিলিগুড়িতে ভোটকেন্দ্র পরিদর্শন করে ফিলিপাইনের প্রতিনিধি মেলিসা অ্যান এম. তেলান জানান, ইভিএম ব্যবহারের স্বচ্ছতা ও গোটা প্রক্রিয়ার সুশৃঙ্খলতা তাঁকে অভিভূত করেছে। নেপালের প্রতিনিধি যজ্ঞ প্রসাদ ভট্টরাই বলেন, “সবকটি ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল।”

ভোটগ্রহণের আগে ‘মক পোল’ প্রক্রিয়া, শতভাগ ওয়েবকাস্টিং ব্যবস্থা ও কড়া নিরাপত্তা নজরদারিও পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। বিশেষভাবে তাঁদের দৃষ্টি আকর্ষণ করে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য ‘হোম ভোটিং’ সুবিধা, হুইলচেয়ার, স্বেচ্ছাসেবক ও শিশুযত্ন কেন্দ্রের মতো উদ্যোগ।

চেন্নাইয়ে কালার-কোডেড ভোটকক্ষ ও হেল্প ডেস্ক ব্যবস্থার প্রশংসা করে ভুটানের প্রতিনিধি শেরিং সামদ্রুপ বলেন, “ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ- সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়।“

এছাড়াও ভোটকেন্দ্রে মোবাইল জমা রাখার বিশেষ ব্যবস্থা ও স্বাস্থ্যপরিষেবা চালুর ফলে ভোটারদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে বলে মত প্রকাশ করেন কেনিয়ার প্রতিনিধি রুথ খাতিয়েভি।নির্বাচন কমিশনের এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ৩৮টি দেশের ৭০ জন প্রতিনিধি ভারতের বিভিন্ন রাজ্যে চলমান নির্বাচনী প্রক্রিয়া পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক মহলে ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলকতা ও দক্ষতা নতুন করে প্রশংসিত হয়েছে, যা গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।