দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তি থেকে সম্পূর্ণ স্বস্তি মিলছে না। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং পঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও বিকেলের পর আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।
বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সব জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশেও বর্ষা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
