শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড, পুড়ে ক্ষয়ক্ষতি রেস্তোরাঁর রান্নাঘরে

শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত পান্থ নিবাস’ অতিথি নিবাস সংলগ্ন একটি রেস্তোরাঁর রান্নাঘরে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ঠিক ২টা নাগাদ একটি বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে
রেস্তোরাঁর এক কর্মী ছুটে এসে দেখেন, রেস্তোরাঁর রান্নাঘরে আগুন লেগে গেছে। দিনের ব্যস্ত সময়ে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে হুলুস্থুল পড়ে যায়। তৎক্ষণাৎ শিলিগুড়ি থানা ও দমকল বিভাগে খবর দেওয়া হয়।তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকার ব্যবসায়ীরা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কাজে হাত লাগান। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণেই এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে রান্নাঘরের প্রচুর জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো প্রাণহানি বা বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও আশেপাশের অন্যান্য দোকানগুলোর মালিকরাও বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।