ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই জোরালো আত্মবিশ্বাসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন গণনার মাঝেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জমায়েত হন। সেখানে পৌরনিগমের গেটে দলীয় পতাকা লাগিয়ে কার্যত আগাম জয়ের বার্তা দিতে দেখা যায় তাদের।
ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরে মেতে ওঠেন অনেকে, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে চলেছে বিজেপি—আর সেই অভিযানের সূচনা হয়ে গেল আজ থেকেই।
এদিন আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে কর্মীদের একাংশ বলেন, শহরের যেসব নীল-সাদা রঙের সরকারি বিল্ডিং রয়েছে, সেগুলির রং দ্রুতই পরিবর্তন করা হবে। সব মিলিয়ে ফল ঘোষণার আগেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে শিলিগুড়িতে।
