শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, সকাল থেকেই হাকিমপাড়ায় চাঞ্চল্য

সোমবার সকালে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে চাঞ্চল্য ছড়ায়। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। হঠাৎ এই অভিযানের জেরে এলাকাজুড়ে কৌতূহল তৈরি হয় ও বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতেই এই তল্লাশি চালানো হয়। সকাল থেকেই বাড়ির সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে খবর, স্বপন ঘোষের ক্ষুদিরামপল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু আর্থিক লেনদেন ও নথিপত্র খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তদন্তকারী আধিকারিকরা দীর্ঘসময় ধরে বাড়ির ভেতরে নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখেন। তবে ঠিক কোন মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি ইডি।

তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এদিকে আচমকা কেন্দ্রীয় সংস্থার এই অভিযানে শিলিগুড়ি শহরের হাকিমপাড়া এলাকায় দিনভর চর্চা শুরু হয়েছে।