শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিশ্বকর্মা পুজো। তবে এ বছর এক নতুন মাত্রা পেলো দার্জিলিং জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্গত শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন শুধু পুজো-অর্চনা নয়, সমাজসেবার মধ্য দিয়েই পুজোর সূচনা করলো।
শহরের অরবিন্দু পল্লী বিশাল আকৃতির প্রতিমা ও সুসজ্জিত পুজো প্যান্ডেলের পাশাপাশি আয়োজন করা হয়েছে নানা সমাজসেবামূলক কর্মসূচি। রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে প্রয়োজনীয়দের মধ্যে বস্ত্র বিতরণ—সব মিলিয়ে পুজোকে রঙিন করে তুলেছে মানবসেবার এই উদ্যোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকেই এই সমাজসেবা কর্মসূচি শুরু হয়েছে এবং তা চলবে পুজো পর্যন্ত। শুধু পুজো উপলক্ষেই নয়, ই-রিকশা ইউনিয়নের সদস্যরা সারা বছর সমাজসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখেন। ফলে প্রতিবারই তারা সংবাদের শিরোনামে উঠে আসেন।
সংগঠনের সভাপতি রাকেশ পাল জানান, সমাজসেবা সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, “বিশ্বকর্মা পুজোর সঙ্গে সমাজসেবাকে যুক্ত করা আমাদের জন্য গর্বের। বিশেষ করে ই-রিকশা চালকেরা প্রচুর সংখ্যায় রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। এ বছর রক্ত সংগ্রহের পরিমাণ অন্যবারের তুলনায় কয়েকগুণ বেশি হবে লক্ষমাত্র রয়েছে ৪০০ ইউনিট।”
বলা বাহুল্য, পুজো ও সমাজসেবাকে একসাথে নিয়ে পূর্ণতা দিল শিলিগুড়ি বৃহত্তর ই-রিকশা ইউনিয়ন, যা আগামী দিনে অন্যদের কাছেও এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে।
