ওষুধের দোকানে দুঃসা*হসিক চু*রি, উধাও লক্ষাধিক টাকা

শিলিগুড়ির নিবেদিতা রোডের একটি ওষুধের দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রায় পাঁচজনের একটি চোরের দল টোটো করে এসে দোকানে চুরি চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোরেরা প্রথমে দোকানের শাটার ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে লোহার রড দিয়ে শাটার খুলে ভিতরে ঢোকে। চারজন বাইরে পাহারায় থাকলেও একজন দোকানের ভিতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

বুধবার সকালে দোকানের মালিক অনিত রাঠোর দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনি প্রধাননগর থানায় খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দোকান মালিকের দাবি, এর আগেও ২০২৩ সালে একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সে সময় অভিযোগ দায়ের করা হলেও কোনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। ফের একই ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত ও ক্ষুব্ধ বলে জানিয়েছেন।